রাত ৩:৫০, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারী সুরুজ জামানের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই অভিজ্ঞ, কর্মঠ ও শিক্ষার্থীবান্ধব কর্মচারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে হঠাৎ বদলির আদেশ দেওয়া হয়েছে। তাঁরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর আন্তরিকতা ও কর্মস্পৃহা কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কাছে সমাদৃত।

এ অবস্থায় তাঁর বদলি প্রতিষ্ঠানের জন্য এক প্রকার ক্ষতি ডেকে আনবে। শিক্ষার্থীরা জানান, হঠাৎ বদলি হওয়ায় অফিস কার্যক্রম ও শিক্ষাব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। বক্তারা অভিযোগ করেন, ময়মনসিংহ অঞ্চলের কিছু অনৈতিক অর্থ সুবিধাভোগী কর্মচারী ও মাউশি অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের যোগসাজশে এসব বদলি প্রক্রিয়া হয়ে থাকে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানববন্ধনে বক্তারা আরও বলেন, শেখ মোহাম্মদ সুরুজ জামানকে পুনরায় এই প্রতিষ্ঠানে বহাল না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে টিচার্স ট্রেনিং কলেজের সকল কার্যক্রম বন্ধ রেখে অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই অবিলম্বে এ বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আরও জানান, আমরা গত ১৪ আগষ্ট থেকে টানা এ কর্মসূচি পালন করে আসছি।

আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা এ কর্মসূচি পালন করে যাবো। বদলির বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জয়নুল আবেদীন খান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, সুরুজ জামান কলেজের একজন দক্ষ কর্মচারী। তাকে বদলীর কারণে আমাদের কলেজের অনেক কার্যক্রম ব্যহত হচ্ছে। আমি সুরুজ জামানের বদলির বিষয়ে ডিজি বরাবর কথা বলে সুপারিশ করবো। তার বদলির আদেশ যেন প্রত্যাহার করা যায়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী ছাত্রনেতা ওয়ালি উল্লাহ, জাকারিয়া, রাসেল, সাগর, শিক্ষার্থী তৌকির তরফদার, আবিদ আইমান, অলিদ আহমেদ মনির, ফাহমিদা আনিস শাহসহ প্রমূখ। প্রসঙ্গত, গত ১৪ই আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে বদলি করা হয়।