,
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ ক্যাম্পেইন ও বৃক্ষ বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) এনসিসি ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার উদ্যোগে নটরডেম কলেজ ময়মনসিংহের শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, নটরডেম কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ ড. ফাদার থ্যাডিয়াস হেমব্রম, সিএসসি, রিটেইল ব্যাংকিং ও ডিএফএস বিজনেসের ইউনিট প্রধান এস. এম. তানভীর হাসান, ময়মনসিংহ আঞ্চলিক প্রধান এ,কে,এম বদরুল হাসান এবং শাখা ব্যবস্থাপক মোঃ ফাইজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা শুধু অর্থ জমা রাখার বিষয় নয় বরং এটি ভবিষ্যতের জন্য আর্থিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত হওয়া জরুরি। তাই নিরাপদ ও সচেতনভাবে ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।ফিনান্সিয়াল ইনক্লুশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। তাদের আর্থিকভাবে সচেতন করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি দায়িত্বশীল ও সুশৃঙ্খল প্রজন্ম তৈরি হবে। এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সঞ্চয় ও আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এনসিসি ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, নটরডেম কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ ড. ফাদার থ্যাডিয়াস হেমব্রম, সিএসসিকে এবং ময়মনসিংহ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক প্রধান এ,কে,এম বদরুল হাসান উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানকে সন্মাননা স্মারক প্রদান করেন।এছাড়া, পরিবেশ সবুজায়নে এনসিসি ব্যাংকের ‘এনসিসি নিসর্গ’ কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা এবং পরিবেশ উন্নয়নে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এনসিসি ব্যাংকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে কলেজ কতৃপক্ষকে সার্বিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।