রাত ৯:৩৪, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেস সেক্রেটারির কাজ ছিল গোয়েন্দাদের সঙ্গে মিলে সংবাদ মেরে ফেলা

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের বয়স তিন মাস পূর্ণ হয়েছে গত ৮ নভেম্বর। আর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি হিসেবে শফিকুল আলমের তিন মাস পূর্ণ হয়েছে আজ রোববার (১০ নভেম্বর)। নতুন পদে তিন মাস পূর্ণ হওয়ায় ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্স-প্রেস (এএফপি) সাবেক এই ব্যুরো চিফ।

এই তিন মাসের অভিজ্ঞতা তুলে ধরে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর একদিন আমি আমার পুরোনো পেশায় ফিরে যেতে পারব বলে আমার বিশ্বাস ছিল না। কিন্তু আমি ইতোমধ্যে রাজনৈতিকভাবে উন্মোচিত ব্যক্তি হয়ে গেছি। আমার কথা ও বিবৃতিগুলো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে যাচাই-বাছাই করা হয়। এই জায়গা কোথাও সমালোচনা হয় আবার প্রশংসিত হয়।

ফেসবুকে তিনি লেখেন, বাংলাদেশের গত ৫০ বছরের বেশি সময় ধরে একজন প্রেস সেক্রেটারির কাজ ছিল সংবাদ মেরে ফেলা, গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করা এবং কখনো কখনো হুমকি দেওয়া। সাংবাদিক বা সম্পাদকদের সমস্যা সৃষ্টি করা এবং ক্ষমতার দাপট দেখানো। পতিত আওয়ামী লীগ স্বৈরাচারের একজন ডেপুটি প্রেস সেক্রেটারি এতটাই ক্ষমতাবান ছিলেন যে মানুষ এখনো তার শোষণ ও দুর্নীতির কথা বলে।

‘আমার জন্য এ কাজটি একটি ১৮ ঘণ্টা বিরতিহীন কাজ হয়ে উঠেছে। আমি এখনো গ্রাম-ঘাট, বটগাছ ঘুরে দেখার জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করছি।’