রাত ১০:২৪, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের আল-খার্জ অঞ্চলে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

গতকাল সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই শোক প্রকাশ করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের ক্রমাগত প্রাণহানি অত্যন্ত উদ্বেগের বিষয়। নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে গেছেন। তাদের দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

এতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ এই ধরনের সব হামলার তীব্র নিন্দা জানায়, যার ফলে নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়। এই পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং আরও প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। সরকার মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।