রাত ১০:১৯, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
মার্চের শুরুতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের ঢাকা সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে এসে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
ঢাকার একটি সূত্র বলছে, আগামী ৬ থেকে ৯ মার্চ ঢাকা সফর করতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষই পারস্পরিক সম্মান, ভাগ করা গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতিতে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ওপর জোর দেয়।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন অংশীদারিত্ব, অভিবাসন এবং মানুষে মানুষে বিনিময়ের মতো সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো পর্যালোচনা করে উভয় পক্ষ।
বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য প্রশংসা করেন। তিনি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য টেকসই রাজনৈতিক সমর্থন কামনা করেন।
উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে যে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী বছরগুলোতে সব ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।